পাকিস্তানের
নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছে, সে দেশটির
প্রধানমন্ত্রী হতে চায়। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিএনএনকে
দেওয়া এক সাক্ষাৎকারে মালালা আরও বলে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার
যোগ্য সে নয়। এর পরও গৌরবময় এ পুরস্কারে ভূষিত হলে তা তার জন্য ‘বিরাট
সম্মানের’ ব্যাপার হতো। সে চিকিৎসক নাকি রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে, এমন
প্রশ্নের জবাবে মালালা বলে, ‘আমি মাতৃভূমির সেবা করতে চাই। এ জন্য
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি। রাজনীতির মাধ্যমে আমার দেশকে
রক্ষা করতে পারব। তখন শিক্ষা খাতে বাজেটের বড় একটা অংশ বরাদ্দ করতে সক্ষম
হব। এ ছাড়া পররাষ্ট্র বিষয়ে আরও মনোযোগ দিতে পারব।’ মালালা এবারের
শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে বলেও ধারণা করা হয়েছিল। এ বিষয়ে মালালা
বলে, ‘আমি যদি পুরস্কারটি পাই, তাহলে তা হবে বিরাট এক সম্মান। এমন
পুরস্কারের জন্য আমি যোগ্য নই। এর পরও যদি পাই, তাহলে নারীশিক্ষা প্রচারণা
শুরু করতে তা সহায়ক ভূমিকা রাখবে।’ পাকিস্তানের তালেবান জঙ্গিরা নতুন করে
হুমকি দিয়েছে, মালালাকে তারা সুযোগ পেলে হত্যা করবে। সিএনএন বৃহস্পতিবার
তার সাক্ষাৎকার নেওয়ার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তালেবানের
হুমকি সম্পর্কে মালালা বলে, ‘ওরা শুধু একটা শরীরকে গুলি করতে পারে, কিন্তু
আমার স্বপ্নকে গুলি করতে পারবে না।’ পাকিস্তানের তালেবান জঙ্গিগোষ্ঠী সোয়াত
উপত্যকায় কয়েক বছর আগে মেয়েদের শত শত স্কুল বন্ধ করে দেয়। প্রতিবাদে
সোচ্চার হয় মালালা। এর জেরে গত বছরের ৯ অক্টোবর জঙ্গিরা মালালার মাথায় গুলি
করে।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন